শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি কত দিন?
- আপডেট সময় : ১০:৪৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আসন্ন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দীর্ঘ ছুটি শুরু হতে যাচ্ছে। ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুযায়ী, স্কুল ও কলেজে সাপ্তাহিক ছুটিসহ টানা ১৬ দিন এবং মাদ্রাসায় ২১ দিনের অবকাশ থাকছে।
স্কুল-কলেজে ১৬ দিনের ছুটি
শিক্ষাপঞ্জি অনুযায়ী, দেশের প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদের ছুটি শুরু হবে আগামী ২৪ মে। এই ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। নির্ধারিত ছুটি ১২ দিনের হলেও আগে-পরে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা মোট ১৬ দিনের দীর্ঘ অবকাশ পাচ্ছে।
কলেজের ক্ষেত্রে গ্রীষ্মকালীন অবকাশ আলাদাভাবে উল্লেখ না থাকলেও ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটি রাখা হয়েছে। সাপ্তাহিক ছুটির হিসাব মিলিয়ে কলেজ শিক্ষার্থীরাও একইভাবে ১৬ দিনের ছুটি পাবেন।
মাদ্রাসায় ছুটি আরও বেশি
মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এবারের ছুটি তুলনামূলক দীর্ঘ। সেখানে ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। সাপ্তাহিক ছুটিসহ মাদ্রাসায় মোট ২১ দিনের অবকাশ থাকছে।
দীর্ঘ এই ছুটিকে ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে আগেভাগেই প্রস্তুতি শুরু হয়েছে। অনেক পরিবার ঈদযাত্রা, গ্রামের বাড়ি ফেরা ও পারিবারিক সময় কাটানোর পরিকল্পনা করছে।
সরকারি চাকরিজীবীদের জন্যও টানা ছুটি
এদিকে ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্যও টানা সাত দিনের ছুটির সিদ্ধান্ত হয়েছে। ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এই ছুটি কার্যকর থাকবে। তবে ছুটি সমন্বয়ের কারণে ২৩ মে সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করতে হবে সরকারি চাকরিজীবীদের।
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্যে ২৭ মে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসাবে বাংলাদেশে ২৮ মে কোরবানির ঈদ হওয়ার সম্ভাবনা জোরালো। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে ১৮ মে বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার ওপর।









